ক্যালেন্ডারে আজকের তারিখটির দিকে তাকালে একটু চমকে উঠবেন যে কেউ। এমন বিশেষ সংখ্যা নিয়ে আজকের দিনের এই তারিখ, সেই রহস্য জানলে আরও বেশি রোমাঞ্চ জাগাবে।
খেয়াল করুন তো আজকের তারিখটি কি? ২০২০ সালের সালের ফেব্রুয়ারির মাসের ২ তারিখ, তার মানে ০২.০২.২০২০। শুরু থেকে পড়লে একই রকম, পেছন থেকে পড়লেও তারিখটি একই রকম। এতে শব্দ বা সংখ্যার উচ্চারণ একই থাকে, এমনকি অর্থও বদলায় না।
সংখ্যাতত্ত্বে এমন সংখ্যাকে বলা হয় পেলিনড্রম সংখ্যা। শুধু সংখ্যাই নয়, শব্দ নিয়ে পেলিনড্রম হয়ে থাকে যে কোনো ভাষায়। ছবি আঁকাতেও পেলিনড্রম হয়ে থাকে।
গণিতে হাজার হাজার পেলিনড্রম সংখ্যা আছে। বিশেষ করে তিন অঙ্ক বা অক্ষরের সংখ্যা বা শব্দ দিয়ে পেলিনড্রোম বেশি দেখা যায়। যেমন, ১০১,১১১, ১৯১, ৭২৭, ৩৭৩, ৯২৯, নয়ন,সহিস,নতুন,দরদ,নবীন,সমাস ইত্যাদি।
গ্রিক শব্দ প্যালিনড্রোমাস থেকে ইংরেজি প্যালিনড্রম বা পেলিনড্রমটি শব্দ এসেছে। প্যালিনড্রোমাস শব্দের অর্থ ‘শেষ করে আবার পেছন দিক থেকে যাওয়া’।
সংখ্যা বা শব্দ পাওয়া গেলেও বাক্য হিসেবে পেলিনড্রম মেলানো খুব কঠিন, সহজে পাওয়া যায় না। যারা এ ধরনের দ্বিমুখী শব্দ, বাক্য বা সংখ্যা সাজাতে দক্ষ এবং গবেষণা করেন তাদের ‘পেলিনড্রোমিস্ট’ বলা হয়।
গবেষকেরা জানাচ্ছেন, আজকের তারিখটি আট অঙ্কের একটি পেলিনড্রম সংখ্যা। দিন, মাস ও সাল ধরে এই শতাব্দীতে আট অঙ্কের এমন পেলিনড্রম আছে ২০টি।
তবে আজকের মতো এমন পেলিনড্রম ছিল ৯০৯ বছর আগে, সেটি হচ্ছে ১১.১১.১১১১। পরবর্তী পেলিনড্রম তারিখটি হবে ১২.১২.২১২১, অর্থাৎ ১০১ বছর পর আবার এমন একটি আট অংকের পেলিনড্রম পাওয়া যাবে। পরেরটি হবে ০৩.০৩.৩০৩০। তারিখ লেখার দুই ফরম্যাটেই (mm-dd-yyyy এবং dd-mm-yyyy) এসব দিনগুলো পেলিনড্রম। ফলে তাদের মধ্যে এমন বিশাল দূরত্ব।
বর্তমান শতাব্দীর প্রথম পেলিনড্রমটি ছিল ১০.০২.২০০১। যেটি শুধু এক ফরম্যাটেই পেলিনড্রম। একইভাবে চলে যাওয়া ২০.০২.২০০২, ১১.০২.২০১১ ও ২১.০২.২০১২ তারিখগুলোও।
এমন বিশেষ তারিখ বা দিনগুলোকে স্মরণীয় করে রাখতে চায় মানুষ। পশ্চিমা বিশ্বে এসব দিনে বিয়ের ধুম পড়ে যায়। এ ছাড়া প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দিতেও দেখা যায় এসব দিনে। কারণ আকর্ষণীয় তারিখগুলোকে সৌভাগ্যের দিন হিসেবে মনে করে থাকে তারা।
