বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রবিবার ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়েছেন তামিম ইকবাল। মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে তামিম খেলেন ৩৩৪ রানের অপরাজিত ইনিংস। রকিবুল হাসানের পর প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যা দ্বিতীয় ত্রিপল সেঞ্চুরি। একই সঙ্গে সর্বোচ্চ রানের ইনিংসও।
তামিমের ইতিহাস গড়া ইনিংসটি এদিন কেক কেটে উদ্যাপন করেছে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার তৃতীয় দিনের খেলা শেষে মাঠে বিশেষ কেক কাটার ব্যবস্থা করে বিসিবি। যে রকিবুলের রেকর্ড ভেঙে তামিম নতুন কীর্তি গড়েছেন, সেই রকিবুল কেক কেটে তামিমের মুখে তুলে নেন প্রথমে।
এ সময় মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আগের দিনের ২২২ রান নিয়ে দিন শুরু করেছিলেন তামিম। শেষ পর্যন্ত ৫৮৫ মিনিট ব্যাট করে ৪২৬ বলে ৩৩৪ রানে অপরাজিত থাকেন। এত দিন বাংলাদেশের পক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস ছিল রকিবুলের ৩১৩। ২০০৭ সালে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন রকিবুল।
১৩ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন রকিবুল। একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানও ছিলেন। এত দিনে সঙ্গী পেলেন তিনি। অবশ্য সেই সঙ্গী তাকে পেছনেই ফেলে দিয়েছেন। প্রতিপক্ষ হয়ে রকিবুল যার সব মুহূর্ত মাঠে বসেই দেখেছেন।
তামিম এদিন আরেকটি মাইলফলকও গড়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে গড়েছেন ৭ হাজার রানের মাইলফলক।
