তামিমের ইতিহাস গড়া ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পূর্বাঞ্চলের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৬ পিএম

তামিম ইকবালের ইতিহাস গড়া ইনিংস, মুমিনুল হকের দৃঢ় ব্যাটিং। সঙ্গে স্পিনার স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানের বোলিং নৈপুণ্যে। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়েছে পূর্বাঞ্চল। প্রথম রাউন্ডের ম্যাচে দলটি জয় তুলে নিয়েছে ইনিংস ব্যবধানে।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইনিংস ও ৯ রানে জয় তুলে নেয় পূর্বাঞ্চল।

চতুর্থ ও শেষ দিনের খেলায় পরাজয় এড়াতে হলে পুরো দিন ব্যাট করতে হতো মধ্যাঞ্চলকে। আর ইনিংস ব্যবধানে জিততে ৭ উইকেট প্রয়োজন ছিল পূর্বাঞ্চলের।

আগের দিনের ৩ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৩৩ রানে। নাঈম হাসান শিকার করেন ৬ উইকেট। ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

এর আগে তাইজুল ইসলামের ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল গুটিয়ে গিয়েছিল ২১৩ রানে। বিপরীতে তামিম ইকবালের অপরাজিত ৩৩৪ ও মুমিনুল হকের ১১১ রানে ২ উইকেটে ৫৫৫ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল পূর্বাঞ্চল।

মধ্যাঞ্চলের হয়ে এদিন ফিফটি পেয়েছেন মোহাম্মদ মিঠুন, তাইবুর রহমান ও নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা মিঠুন ৮৩ ও শান্ত ৫৪ রান করেন। ৬২ রান আসে তাইবুরের ব্যাট থেকে।

ম্যাচসেরা হয়েছেন দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস খেলা তামিম ইকবাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত