লক্ষ্মীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে প্রতিপক্ষের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। গত রবিবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীরা। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ আল নোমান, ২নং ওয়ার্ড সভাপতি মো. ফাহাদ, ছাত্রলীগকর্মী ইয়াছিন, মোরশেদ, রায়হান ও সাকিব। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
