বিএসএফের হাতে আটক পাঁচ জেলের মুক্তি চেয়ে মানববন্ধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৪ পিএম

বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে আটকে রাখার প্রতিবাদ ও তাদের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের আলীমগঞ্জে মৎস্যজীবী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এ মাননবন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা জানান, গত ৩১ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরার সময় গহমাবোনা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বিএসএফ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক হলেও অপহৃতদের ফেরত দেয়নি বিএসএফ। উল্টো ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তাদেরকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে। অথচ তাদের ফেরত আনতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

বিএসএফের হাতে আটক রাজন আলীর মা ফাইমা বেগম ও শাহিন আলীর স্ত্রী বীথি খাতুন মানববন্ধন চলাকালে কান্নায় ভেঙে পড়েন। বীথি খাতুন তাদের ৮ মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে মানববন্ধনে অংশ নেন। 

বীথি খাতুন বলেন, প্রতিদিনের মতো শাহিন বাড়ির পাশেই পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় স্পিড বোটে করে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের সীমানায় ঢুকে তাকেসহ ৫ জন জেলেকে ধরে নিয়ে যায়। শাহিন এখন কী অবস্থায় আছেন-তাও জানা নেই।

আড়াই বছরের শিশুকে কোলে নিয়ে মানববন্ধনে হাজির হন কাবিল হোসেনের স্ত্রী সমিরা খাতুন। তিনি স্বামীকে ফেরত চেয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে বাবা কই, বাবা কবে আসবে জানতে চেয়ে সারাক্ষণ কান্নাকাটি করে। আমার স্বামী সংসার চালাতে ঋণ করে রেখেছে। মাছ ধরার পর তা বিক্রি করে সেই ঋণের টাকার কিস্তি পরিশোধ করি। কিন্তু পদ্মা নদীতে মাছ ধরার সময় বিএসএফ তাকেও ধরে গেছে ভারতে। এখন আমি অসহায় হয়ে দিন পার করছি।

বিএসএফের হাতে আটক শফিকুল ইসলামের মা আরজেমা বেগম বলেন, আমার ছেলে মাছ মারতে গিয়েছিল পদ্মায়। কিন্তু বাংলাদেশের ভেতর থেকেই ধরে নিয়ে গেছে বিএসএফ। বিএসএফ ধরে নিয়ে গিয়ে আমার ছেলে নির্যাতন করেছে। তাকে মারধর করা হয়েছে। বিনা দোষে কেন আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেল তার বিচার চাই।

মৎস্যজীবী সমিতির নেতা আবু তাহের বলেন, বিএসএফ পদ্মা নদীর বাংলাদেশের সীমানায় যখন-তখন ঢুকে গিয়ে আমাদের জেলেদের হেনস্তা করছে। ধরে নিয়ে যাচ্ছে। একা রণে আতঙ্কে জেলেরা পদ্মায় নামতে পারছে না। মাছ ধরা বন্ধ করে দিয়েছে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।

গত ৩১জানুয়ারি রাজশাহীর খরচাকা সীমান্তে পদ্মা নদী হতে থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরা হলেন- রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের সবার বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত