ভৈরবে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১ এএম

কিশোরগঞ্জের ভৈরবে চৈতি বেগম (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন বউ বাজার এলাকার হালিমা বেগমের বাড়ি থেকে লাশটি করা হয়।

চৈতি হালিমা বেগমের ভাড়াটিয়া হেলাল মিয়ার মেয়ে এবং শাহাবুদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়ার (২০) স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাগর মিয়াকে আটক করেছে।

চৈতির বাবা হেলাল মিয়া জানান, পেশায় অটোরিকশা চালক সাগরের সঙ্গে ৮/৯ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় তার মেয়ের। কিন্তু বিয়ের পর থেকেই সাগর-চৈতির ঝগড়া-ঝাঁটি লেগেই থাকত। নানা অজুহাতে সাগর তার মেয়ে চৈতিকে মারধর করতেন। গতকাল রাতেও মারধরের ঘটনা ঘটে।

সকালে ঘরের আঁড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।

তার দাবি, মেয়ে আত্মহত্যা করেনি। সাগর তার মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। তিনি মেয়ে হত্যার অভিযোগে সাগরের বিচার দাবি করেন।

এদিকে পুলিশের হাতে আটক সাগর স্ত্রী হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে তার ও চৈতির মাঝে ঝগড়া হলে তিনি তাকে মারধর করেছিলেন। কিন্তু তাকে তিনি হত্যা করেননি। রাগে চৈতি আত্মহত্যা করেছে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দীপু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত