বিগত জোট সরকারের আমলে খালেদা জিয়া আর তার ছেলে তারেক ‘হাওয়া ভবন ও খাওয়া ভবন’ বানিয়ে অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত ছিল দাবি করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, তাদের বেপরোয়া দুর্নীতির কারণে বাংলাদেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।
তিনি বলেন, জোট সরকারের আমলে দেশ অন্ধকারে ছিল। গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশ সেই অন্ধকার থেকে আলোর পথে এসেছে।
বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলার ঐতিহাসিক পাকশী আমতলা মাঠে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আর বিএনপি মানেই ধ্বংস, হত্যা, লুটপাট, দুর্নীতি। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করছে জনগণ। জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণকে দিতে এসেছি।
মুক্তিযোদ্ধা-জনতা সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও ঈশ্বরদী অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার এ্যাড. কাজী সদরুল হক সুধার সভাপতিত্বে ও পাবনা জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুল আলম বাবু মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. রবিউল আলম, সাবেক সচিব রশিদুল আলম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ।
এর আগে বেলা ১২টায় পাকশী উদীচী শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও গণ সংগীতের মাধ্যেমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিবৃন্দদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
