গেল বছর সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর থেকেই ইনজুরির কারণে মাঠে বাইরে ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন মাঠে ফেরার অপেক্ষায় তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান সাইফউদ্দিন।
পিঠের ইনজুরি কাটিয়ে নেটে বোলিংও শুরু করেছেন সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বোর্ড এরই মধ্যে তাকে বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলার অনুমতি দিয়েছে। যা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।
পিঠের চোট সাইফউদ্দিনকে ভোগাচ্ছিল অনেক দিন ধরেই। বিশ্বকাপের আগেও বেশ সমস্যা পোহাতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত অবশ্য বিশ্বকাপের খেলেছেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না পিঠের ইনজুরির কারণেই।
বিশ্বকাপ থেকে ফিরেই শ্রীলঙ্কা সফরে যায় টাইগাররা। সেই সফর থেকে ছিটকেও যান সাইফউদ্দিন।
এরপর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে ফেরেন। তবে এক সিরিজ পরই ছিটকে যেতে হয় তাকে। যেতে পারেননি ভারত সফরে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না। সাইফউদ্দিন মিস করেছেন মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)।
এখন অবশ্য সাইফউদ্দিন মাঠে ফেরার জন্য তৈরি ভাবছেন নিজেকে। সাংবাদিকদের বললেন, ‘আমি শুনেছি মেডিকেল ছাড়পত্র পাওয়ার কথা। যদি নির্বাচকেরা আমাকে নির্বাচনের কথা ভাবেন, আমি বলব আমি তৈরি।’
অনেক দিন পর পুরোদমে বল করা নিয়ে বলছিলেন, ‘অনেক দিন পর আমি পুরো ছন্দে বল করেছি। লাইন, লেংথ ও অ্যাকুরেসি নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু সব ঠিক আছে।’
সামনের এক সপ্তাহে ফিটনেস আরো উন্নতি করতে চান দেশের হয়ে ২০টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার। ‘এখনো আমার হাতে এক সপ্তাহ আছে। বিসিবি’র ফিজিও জানিয়েছেন আমি বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলব। আশা করি আগামী এক সপ্তাহে আমার ফিটনেস আরো বাড়াতে পারব।’- বলেন সাইফউদ্দিন।
বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের কোচ চম্পাকা রামানায়েকে কাজ করছেন সাইফউদ্দিনকে নিয়ে। এই অলরাউন্ডারের রিকভারির বিষয়ে মুগ্ধ তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সাইফউদ্দিন খেলতে পারবেন বলেই বিশ্বাস এই শ্রীলঙ্কান কোচের।
রমানায়েকে বলেন, ‘হ্যাঁ, আমি ওর সঙ্গে শেষ কয়েক দিন কাজ করেছি। সে নিজেকে ধীরে ধীরে জিম্বাবুয়ে সিরিজের জন্য তৈরি করছে। সে খুব সম্ভব বিসিএলে খেলবে। আমি সেটি লক্ষ্য রেখেই তাকে তৈরি করছি।’
ফেব্রুয়ারি-মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।