লক্ষ্মীপুরে আ. লীগ নেতা হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ পিএম

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কফিল উদ্দিন, আবদুর রহমান ও মো. জয়নাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো. শাহজালাল।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা মান্নান হত্যা একটি নৃশংস ঘটনা। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত আবদুল মান্নান ভূঁইয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে মান্নানকে গলা কেটে হত্যা করা হয়।

রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। চার দিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।

২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে আটজনের বিরুদ্ধে আদলতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত বলে আদালতে প্রমাণিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত