যুবলীগ সভাপতি লাঞ্ছিতের প্রতিবাদে মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৬ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপনকে ভরাডোবা হাইওয়ে পুলিশ লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার সন্ধ্যা সিডস্টোর বাজারে মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ী মোড় নামক স্থানে হাইওয়ে পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে স্থানীয় জনতা।

পুলিশের পিকআপভ্যান ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।  

জানা গেছে, একটি অটোরিকশা হাইওয়ে পুলিশ আটক করাকে কেন্দ্র করে উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন ও ভরাডোবা হাইওয়ের সার্জেন্ট তৌফিকের মাঝে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সার্জেন্ট তৌফিক যুবলীগ সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন আহত হয়।

এরই প্রতিবাদে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রায় ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

মহাসড়ক অবরোধ চলার সময় সিডস্টোর ঢালীবাড়ী মোড় নামক স্থানে হাইওয়ে পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ গাজীপুরের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী তাৎক্ষণিক ভরাডোবা হাইওয়ের সার্জেন্ট তৌফিকে ভৈরব হাইওয়েতে বদলি করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে (পরিদর্শক) শাহজালাল ইনচার্জ হিসেবে যোগদান করার পর আকাশ বিনা, হাইওয়ে মিনিবাস, বাস সার্ভিস, লরি, সিএনজি, মুরগিবাহী ট্রাকসহ মহাসড়কে চলাচলরত বিভিন্ন কোম্পানির গাড়ি থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হচ্ছে।

আহত যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন বলেন, অটোরিকশা আটক করার পর আমি রিকশাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে সার্জেন্ট তৌফিক পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়াতে আমাকে লাঞ্ছিত করেন।

সার্জেন্ট তৌফিক জানান, যুবলীগের সভাপতির সঙ্গে হামলার কোন ঘটনা ঘটেনি। অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে কথা কথা কাটাকাটি হয়েছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে (পরিদর্শক) শাহজালাল বলেন, আমি কোনো গাড়ি থেকে মাসোয়ারা আদায় করি না।

ভালুকা মডেল থানার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট তৌফিক বাদী হয়ে অজ্ঞাত ১০০/১৫০ জন আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত