আত্মসাতের ৭ কোটি টাকা ফেরত দিলেন ব্যাংক কর্মকর্তা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৭ পিএম

ঢাকা ব্যাংক লিমিটেডের ফেনী শাখা থেকে আত্মসাতের ৭ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা ফেরত দিয়েছেন তৎকালীন প্রিন্সিপাল অফিসার (ক্যাশ ও ক্রেডিট ইনচার্জ) গোলাম সাঈদ রাশেব। দু

র্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিনে বের হয়ে তিনি গত বুধবার টাকাগুলো ফেরত দেন। এরপর বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ২৬ গ্রাহকের অ্যাকাউন্টে তা হস্তান্তর করে।

নোয়াখালী দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, রাশেবের স্ত্রী নাসরিন আক্তার গত মঙ্গলবার দুদকের মাধ্যমে ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম আক্তার হোসেনের কাছে ২ কোটি ৬০ লাখ টাকা জমা দেন। একই সঙ্গে তিনি বাকি টাকা স্বামী জামিন পেলে দিতে প্রতিশ্রুতি দেন। এরপর জামিনে বের হয়ে রাশেব ও তার স্বজনরা মিলে বুধবার বাকি টাকাও জমা দেন।

তিনি আরও জানান, টাকা ফেরত দিলেও রাশেব, ব্যবসায়ী আজিম খন্দকার ও ক্যাশ অফিসার আবদুস সামাদ শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে দুদক আইনে বিচার চলবে।

এর আগে গত বছরের ১৯ মার্চ ঢাকা ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক গোলাম আক্তার হোসেন জালিয়াতির মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ফেনী মডেল থানায় রাশেবের বিরুদ্ধে মামলা করেন। আদালতের মাধ্যমে তদন্তভার পেয়ে দুদক তাকে গ্রেপ্তার করে।

পরে রাশেব আদালতে জবানবন্দি দেন, সফটওয়্যারে ত্রুটির সুযোগ নিয়ে তিনি অবৈধ চেকের সাহায্যে কয়েক দফায় ৫২টি ট্রানজেকশনের মাধ্যমে ২৬ গ্রাহকের (বিশেষ করে প্রবাসী) ৭ কোটি ৫ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করে জনৈক আজিম খন্দকারের সঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়েন। তাকে এ কাজে সহায়তা করেন ব্যাংকের ক্যাশ অফিসার আবদুস সামাদ।

মামলার ধারাবাহিকতায় রাশেবের স্ত্রী সম্প্রতি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে স্বামীর জামিন শর্তে পুরো টাকা ফেরত দেওয়ার আবেদন করেন। উভয়পক্ষের আপোসে রাশেব জামিন পেয়ে সব টাকা ফেরত দিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত