সড়কের দুই শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৩ এএম

সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর এলাকার হাওরপাড় ঘেঁষা পাঁচ কিলোমিটার সড়কের পাশে দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে কে বা কারা! তাহিরপুর উপজেলার শনির হাওরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুনামগঞ্জ-তাহিরপুরের আনোয়ারপুর-চিকশা সড়কে ২৫ বছর ধরে বেড়ে ওঠা গাছগুলো গত কয়েক দিনে সাবাড় করা হয়েছে।

স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ বিভাগের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এ সড়কের আনোয়ারপুর সড়কের ৫ কিলোমিটার অংশে কাজ করার সুবিধার্থে কিছু গাছ কাটার জন্য নির্দেশ দেয় সড়ক ও জনপথ কর্র্তৃপক্ষ ও স্থানীয় বন বিভাগ। এরপর যেসব গাছ কাটা হবে সেগুলো চিহ্নিত করে দেয় বন বিভাগ। কিন্তু গত ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পাঁচ দিনে সড়কের দুই শতাধিক গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা বাধা দিলে তারা নিজেদের সড়কের কাজ করা শ্রমিক বলে দাবি করে।

সড়কের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল-ইকবাল কনস্ট্রাকশনের ব্যবস্থাপক আবদুল ওয়াহিদ বলেন, গাছগুলো আমাদের কেউ কাটেনি। এগুলো হয়তো রাতে কেউ কেটেছে আর যে সময় কাটা হয়েছে বলা হচ্ছে তখন আমাদের সড়কের কাজ বন্ধ ছিল। এই সড়কে শ্রমিক হিসেবে যারা কাজ করছে এদের মধ্যে হোসেনপুর ও দক্ষিণকুলসহ স্থানীয় বাসিন্দা বেশি। তারা হয়তো কিছু গাছ কেটে নিয়েছে। তবে আমরা কাউকে গাছ কাটতে বলিনি।

বালিজুরি ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, গাছগুলো এই সড়কের আশপাশের গ্রামের মানুষজন কেটে নিয়ে যাচ্ছেÑ এমন খবর বন বিভাগকে জানিয়েছি। কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাম্মির রেজা বলেন, হাওরের পরিবেশ রক্ষায় আমরা যেখানে গাছ লাগাচ্ছি সে সময় এতগুলো গাছ কেটে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারাই গাছগুলো কেটেছে দ্রুত এদের আইনের আওতায় আনতে হবে। এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ওসমান মিয়া বলেন, সড়ক প্রশস্তকরণের জন্য কিছু গাছ মার্ক করা ছিল। কিন্তু কোনো নির্দেশনা ছাড়াই সবগুলো কেটে ফেলায় অবাক হয়েছি। ঠিকাদারদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বীরেন্দ্র কিশোর বলেন, সড়কে কাজ করার সময় কয়েকটি গাছ কাটার জন্য বলা হয়েছিল। আমরা সেগুলো চিহ্নিত করেছিলাম। কিন্তু পুরো সড়কের গাছ কারা কাটল জানি না। সড়কের উন্নয়নে যারা কাজ করছে, তাদেরও দায়িত্ব ছিল গাছগুলো দেখে রাখার।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, আনোয়ারপুর-চিকশা সড়কে অনেকগুলো গাছ কোনো কারণ ছাড়াই কাটা হয়েছে শুনে পুলিশ পাঠিয়েছি।  ওখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক দেশ রূপান্তরকে বলেন, গাছগুলোর জন্য সড়কটি দৃষ্টিনন্দন ছিল। যারাই কাটুক, তাদের আইনের আওতায় আনা হবে। নির্বিচার বৃক্ষনিধনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত