অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বের হয়েছে শাহিন শাঙনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘হসন্ত নেমেছে দেশে’।
বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ তনি সুভংকর। দাম রাখা হয়েছে ১৬০ টাকা।
মেলায় পাওয়া যাচ্ছে চন্দ্রবিন্দু স্টল নং- ৬০৭ এ। চট্টগ্রাম, পাবনা, সিলেট ও খুলনার বইমেলায় চন্দ্রবিন্দুর স্টলেও পাওয়া যাবে বইটি।
কাব্যগ্রন্থটি প্রসঙ্গে কবি শাহিন শাঙন দেশ রূপান্তরকে বলেন, “কোথাও এসে যদি আর কোথাও যেতে ইচ্ছা না করে কিংবা আপনাকে থেমে যেতে হয়, থামিয়ে দেয়া হয় আর যদি ওই ঋতুটা সময়ের ধার না ধারে, গতিকে থোড়াই কেয়ার করে মানুষের বানানো সমস্ত কিছুকে ফাকিং সাইন দেখিয়ে চিৎ হয়ে শুয়ে থাকে। এমন একটা ঋতুর নাম ধরেন ‘হসন্ত’! পাহাড়ি জনপদ, প্রকৃতি, বিচ্ছিন্নতাবোধ এই সব বিষয় ঘিরেই ‘হসন্ত নেমেছে দেশে’র কবিতাগুলো সাজানো।”
শাহিন শাঙনের জন্ম ফেনীর সোনাগাজীতে। পড়াশোনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। এর আগে ২০১৪ সালে তার প্রকাশিত হওয়া কাব্যগ্রন্থ, ‘ত্রিভুজক্ষেত্রের উপনৃত্য’।
