পূজার শোভাযাত্রা নিয়ে বিরোধে ছাত্রলীগকর্মী খুন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

সরস্বতী পূজায় শোভাযাত্রার কথাকাটাকাটির জেরে খুন হয়েছেন সিলেটের ছাত্রলীগকর্মী অভিষেক দে দ্বীপ (২০)। বৃহস্পতিবার রাতে নগরীর টিলাগড়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় আটক সৈকত রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এমন তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, দ্বীপের ওপর হামলার সময় সৈকতের সঙ্গে ছিলেন আরো কয়েকজন। তাদের আটকের চেষ্টা চলছে।

নিহত অভিষেক দে দ্বীপ সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর আবাসিক এলাকার ২ নম্বর বাসার দীপক দের ছেলে। দ্বীপ ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান। তিনি শিবগঞ্জের গ্রিনহিল স্টেট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়তেন।

শুক্রবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে দ্বীপের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে নগরীর চালিবন্দর শশ্মানঘাটে দ্বীপের শেষকৃত্য সম্পন্ন হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বীপের দুই বন্ধু দেশ রূপান্তরকে জানান, নিহত দ্বীপ ও পুলিশের হাতে আটক সৈকত দুজনই ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা টিলাগড়কেন্দ্রীক ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী। ৩০ জানুয়ারি গোপালটিলায় সরস্বতী পূজার শোভাযাত্রা নিয়ে দ্বীপ ও সৈকতের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় একে অন্যকে ‘দেখে নেওয়ারও হুমকি দেয়’ তারা।

এরপর থেকে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল।

তারা আরো জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে টিলাগড়ে দ্বীপকে পেয়ে তার ওপর চড়াও হন সৈকত ও তার আরেক সঙ্গী। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দ্বীপ। আহত হয় সৈকতও। দ্রুত তাদের ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সৈকতকে আটক করে। আটক সৈকত রায় গোপালটিলার সল্টু রায়ের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি আবদুল কাইয়ুম শুক্রবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি জানান, আটক সৈকত প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সৈকত বলেছে, পূজার শোভাযাত্রা নিয়ে দ্বীপের সঙ্গে তার তর্ক হয়েছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দ্বীপ তাকে মারতে চেয়েছিল। তখন সেও পাল্টা আক্রমণ করেছে।

প্রশ্নের জবাবে ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের খুঁজছে পুলিশ। এ ছাড়া সৈকত সুস্থ হওয়ার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত