বিএনপি নির্বাচনী আচরণবিধি মেনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করেছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দাবি করে তিনি বলেন, অন্যদিকে আওয়ামী লীগ বিধিমালা ভঙ্গ করে নির্বাচন করেছে। ভোটের দিন প্রার্থীকে পাশে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভোট দেওয়ার যে আহ্বান জানিয়েছেন এর থেকে বড় আচরণবিধি ভঙ্গ আর কিছু হতে পারে না। খসরু বলেন, যখন সরকারপ্রধান সরাসরি ভোটের দিন প্রার্থীকে পাশে রেখে ভোট দেওয়ার আহ্বান জানান তখন আর কোনো নির্বাচন থাকে না। কারণ, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি মেসেজ দিয়েছেন নৌকার প্রার্থীকে জয়ী হতে হবে।
প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার’ শীর্ষক এ সভা হয়। সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ডাকা সমাবেশ সফল করতে সবাইকে ‘সর্বশক্তি নিয়ে’ যোগ দেওয়ার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য খসরু। তিনি বলেন, ‘আন্দোলন চলছে। আমরা সবেমাত্র নির্বাচন শেষ করেছি। এখন আন্দোলন নতুন একটা রূপ ধারণ করবে। সেজন্য আমাদের সবাইকে সাহসী হতে হবে।’ সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সমালোচনা করে খসরু বলেন, এ মেশিনে শুধু টিপবেন আর ভোট পাবেন। ইভিএম নিয়ে বিএনপির যে আশঙ্কা ছিল তা ১০০ ভাগ প্রমাণ হয়েছে। আমরা শুধু অভিযোগ করেছিলাম, সরকারি দল তা প্রমাণ করেছে।
