পঞ্চগড়ে একটি বিরল প্রজাতির নেপালি ঈগল উদ্ধার করা হয়েছে। ঈগলটি বর্তমানে সুস্থ রয়েছে। কয়েক দিন আগে বোদা উপজেলার ধ্যানগ্রামে ঈগলটিকে ধরে আটকে রাখে স্থানীয়রা।
গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঈগলটিকে উদ্ধার করে বোদা উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসা দিয়ে ঈগলটিকে জেলার বোদা পৌর এলাকার সাতখামার গ্রামের বাসিন্দা বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবার বাসায় রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে ঈগলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
তিনি জানান, ঈগলটি খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঈগলটির ইংরেজি নাম স্টেপি। বাংলাদেশে এটি পরিযায়ী পাখি। সারা বিশ্বে পাখিটি বিপন্ন।
বাংলাদেশে নেপালি ঈগল নামে পরিচিতি পেলেও এটি ভারত, ভুটানসহ অন্যান্য দেশেও দেখা মেলে। ঈগলটি বন বিভাগের পর্যবেক্ষণে রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
