সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২১ পিএম

সংবাদ প্রকাশের জের ধরে কতিপয় যুবকের হামলায় গুরুতর আহত হয়েছেন নয়া দিগন্ত নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি কিবরিয়া চৌধুরী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিবরিয়া নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক।  ঘটনায় জড়িত সন্দেহে জাফর ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নবীগঞ্জের কয়েকজন সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় ‘নবীগঞ্জে পুলিশ কোপানোর ঘটনার সাড়ে চার মাসেও অধরা সন্ত্রাসী মুছা ও পারভেজ’ শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি কিবরিয়া করেছেন বলে সন্দেহ করে পারভেজ ও তার সহযোগীরা। ফলে তারা কিবরিয়া চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল।

তারা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ পুরাতন পশু হাসপাতালের সামনে ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ফয়েজ আহমেদ চৌধুরী পারভেজসহ কয়েকজন সাংবাদিক কিবরিয়া চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালায়। রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। কিবরিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেটে স্থানান্তর করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে ঘটনার দিন রাতেই এ ঘটনায় জড়িত জাফর ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

নবীগঞ্জ থানায় কিবরিয়া চৌধুরী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত