আফগানিস্তানে গুলিতে যুক্তরাষ্ট্রের ২ সেনা নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩০ পিএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তির মেশিনগানের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সৈন্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।

গত শনিবার নানগারহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বাহিনীর ‘গুরুত্বপূর্ণ নেতৃত্বের যৌথ প্রশিক্ষণ’ শেষে এ গুলির ঘটনা ঘটে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেন, ‘আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। হামলার কারণ ও উদ্দেশ্য এখনো অজানা।’

নানগারহার প্রদেশের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মুবারিজ খাদেম এর আগে যুক্তরাষ্ট্র ও আফগান সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছিলেন। আফগান নিরাপত্তা বাহিনীর ভেতরে থাকা ছদ্মবেশী হামলাকারীদের আক্রমণ আফগানিস্তানে নিয়মিত ঘটনা হলেও সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলা হ্রাস পেয়েছিল।

দেশটির প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, ঘটনাটি আফগান ও বিদেশি সেনাদের মধ্যে সংঘর্ষের কারণে ঘটেছে, নাকি জঙ্গি হামলা তা পরিষ্কার নয়। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নানগারহার দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখান থেকেই তারা রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বোমা হামলার পরিকল্পনা করে। প্রদেশটির কিছু অংশ তালেবানদেরও নিয়ন্ত্রণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত