যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার তালিকা হালনাগাদ বুধবার থেকে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৬ এএম

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী বুধবার। ওইদিন লন্ডনে স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ দূতাবাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

গতকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. ইসলাঈল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিইসি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্র্যাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেগুলেশন’ সভায় যোগ দেবেন। এ সভায় তিনি সোর্স অব ফান্ডিংয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন। এরপর ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ উদ্বোধন করবেন তিনি। এছাড়া এদিন স্থানীয় সময় বেলা ২টায় সিইসি যুক্তরাজ্যের ইলেকটোরাল কমিশনের প্রধানের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর সিইসি ১৩ ফেব্রুয়ারি সিইসি ম্যানচেস্টার যাবেন। সেখানে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সিইসির দেশে ফিরে আসার কথা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত