বিএনপি এখন ওয়ান ইলেভেনের কুশীলবদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির লাগামহীন দুর্নীতি এবং সরকার পরিচালনায় অব্যবস্থাপনার কারণে ‘ওয়ান ইলেভেন’ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ‘তখন হাওয়া ভবন তৈরি করে সরকার পরিচালনা করা হয়। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, জঙ্গিবাদের উত্থানের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’
তথ্যমন্ত্রী বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাষাচিত্র প্রকাশনী আয়োজিত অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী রচিত ‘আমার দেখা ওয়ান ইলেভেন ’বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।
সিনিয়র সাংবাদিক সৈয়দ বোরহান কবিরের সভাপতিত্বে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) মহাসচিব শাবান মাহমুদের পরিচালনায় এতে বইয়ের লেখক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এম এ আজিজ, লেখক ও গবেষক সুভাষ সিংহ রায়, কবি শাহানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা রাজনীতিকে বিরাজনীতি করতে চায় তারাই ওয়ান ইলেভেনের সুবিধাভোগী। এখনো একটি গোষ্ঠী রাজনীতিকদের চরিত্র হননের চেষ্টা করছে। বিরাজনীতিকরণের চেষ্টায় যারা যুক্ত ছিলেন তারা এখনো সক্রিয়। মাঝে মাঝে একত্রিত হয়।
তিনি বলেন, রাজনীতিকে বিরাজনীতি করার চক্রান্ত হিসেবে পাকিস্তানেও মার্শাল ল জারি করা হয়। আমাদের দেশে ওয়ান ইলেভেনের সময় রাজনীতি এবং রাজনীতিকদের জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হয়, এটি সমীচীন নয়। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রাণপণ চেষ্টা করে।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে তাকে হত্যা করা হয়। এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের ও নেতৃত্বের গুণাবলির কাছে হেরে গিয়ে তারা চক্রান্ত করছে। বিএনপি এবং তাদের দোসররা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা এখন ওয়ান ইলেভেনের কুশীলবদের সঙ্গে হাত মিলিয়েছে।
তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। যে কোনো উপায়ে তারা আওয়ামী লীগকে বিতাড়িত করতে চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা মাঝে মাঝে বলেন, শেখ হাসিনার পরিণতি পঁচাত্তরের ১৫ আগস্টের মতো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পান না।’
মন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনে শেখ হাসিনার মুক্তির পর গণতন্ত্রের মুক্তি হয়। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশ আজ মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রীই নন, তিনি পৃথিবীর অনুকরণীয় প্রধানমন্ত্রী এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি বিশ্ব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, যে রাজনীতিবিদ সাহসী নন তিনি এক সময় রাজনীতি থেকে হারিয়ে যান। বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাঙালি জাতিকে প্রচণ্ড ভালোবাসতেন। সূর্যসেনকে একজন ডাকাত হিসেবে ফাঁসি দেওয়া হয়। কিন্তু ইতিহাসের পাতায় সূর্যসেন স্মরণীয় হয়ে আছেন।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তীব্রভাবে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেছিলেন। এর দু’দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। একে একে অনেকে গ্রেপ্তার হন। আমি তখন আমার বাসায় না থেকে অন্য বাসায় থাকি। আমার স্ত্রীও বাসা ছেড়ে বাইরে থাকতেন।’
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘১৭৫৭ সালে নবাব সিরাজ-উদ-দৌলাকে গ্রেপ্তারের পরে প্রতিপক্ষ মিষ্টি বিতরণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরও পরবর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় মিষ্টি বিতরণ করা হয়। ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ করা হয়।’
অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ শিরোনামে বই লেখার জন্য ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সেদিন কী ঘটেছিল তা মানুষকে জানানোর জন্য এ ধরনের একটি বইয়ের প্রয়োজন ছিল।
সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।
সাইফুল আলম বলেন, সৈয়দ মোদাচ্ছের আলী এ গ্রন্থটি রচনা করে সাহসী ভূমিকা রেখেছেন। এই গ্রন্থটি মানুষকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার সংগ্রামে শক্তি ও সাহস জোগাবে।
নঈম নিজাম বলেন, তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতার লালসায় গণতন্ত্র ধ্বংসের খেলায় মেতে উঠেছিল। দেশে ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল। গণতন্ত্র আরও শুক্তিশালী করতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
