টাকার বিনিময়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ছেড়ে দিল পুলিশ!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫ পিএম

সাভারের আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হকের বিরুদ্ধে টাকার বিনিময়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

মামলার বাদী আমির হোসেন বুধবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি জানান, গত ১২ জানুয়ারি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সদস্য শরিফ ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুমসহ ১০/১২ জন আমার ছেলে আবুল কাশেমকে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।

আমির হোসেনের দাবি, এদিন সকালে এসআই একরামুল হক প্রধান আসামি শরিফের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। এসময় আবুল কাশেম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসআই কৌশলে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেয়।

আবুল কাশেম জানান, পুলিশের অভিযানের সময় ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। আসামিকে আটকের পর এসআই আমাকে মামলার বাদী ও সাক্ষীদের ডেকে আনতে বলেন। আমি মামলার বাদী আমার বাবা ও সাক্ষীদের ডেকে নিয়ে এসে দেখি পুলিশ টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দিয়েছে।

তবে এসআই একরামুল হক আসামি ছেড়ে দেয়ার অভিযোগ সত্য নয় দাবি করে বলেছেন, ওই মামলার প্রধান আসামির বাড়িতে অভিযান চালানো হয়েছিল।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত