সুপারস্টার হওয়ার চিন্তাও তোমরা করো না, বিশ্বজয়ীদের পাপন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়ী বাংলাদেশ যুব দল দেশে ফিরেছে বুধবার। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্যান্য কর্মকর্তারা।

এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে বিশ্বজয়ী যুবাদের দেওয়া হয় সংবর্ধনা। যে সংবর্ধনার ফাঁকে ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন বিসিবি সভাপতি। বিশ্বজয়ীদের পরামর্শ দিয়েছেন পা মাটিতে রাখার।

এদিন সংবর্ধনা শেষে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী, কোচ নাভিদ নেওয়াজকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ সময় তিনি জানান, ‘ওদের সুপারস্টার হওয়ার চিন্তাও করতে না করেছি। বলেছি তোমরা অটোমেটিক্যালি সুপারস্টার হয়ে যাবে। সুপারস্টার হতে হবে এমন চিন্তাও মাথায় আনবে না। আমাকে ছাড়া টিম চলবে না, এ রকম চিন্তা যেদিন আসবে সেদিন থেকেই শেষ...।’

বিসিবি সভাপতি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘সব কথা তো আপনাদের বলা যাবে না। এই কথাগুলো ওদের বলেছি।’

যোগ করেন, ‘ওদের বলেছি বিশ্বকাপ জেতা অনেক কঠিন। কিন্তু এই সাফল্য ধরে রাখা বা এটা আরো উন্নতি করা অনেক অনেক কঠিন। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।’

যুবাদের এই সাফল্যকে হঠাৎ পাওয়া সাফল্য বলতে চান না​ বিসিবি সভাপতি, ‘এটা হঠাৎ করে কিছু পাওয়া না। বা অস্বাভাবিক পাওয়া না। বরং হেরে গেলে কষ্টটা বেশি হতো। কারণ আমাদের মনের মধ্যে ছিল এবার বিশ্বকাপটা আমাদের হবে।’

ছোটদের হলেও এই বিশ্বকাপ জয়কে দেশের ক্রিকেটের সেরা অর্জন বলতেও ভোলেননি বিসিবি সভাপতি, ‘বাংলাদেশের ইতিহাসে এটা সেরা অর্জন। এর সাথে কোনো খেলা, কোনো ট্রফির তুলনা হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত