জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গতকাল বুধবার জাতীয় প্যারেড স্কয়ারসংলগ্ন বাংলাদেশ বিমানবাহিনীর ‘ঘাঁটি বাশার’-এর সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনসংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।
সভায় জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেল স্থাপন, সব পর্যায়ের অতিথি ও দর্শকদের আসনব্যবস্থা, অতিথি ও দর্শকদের অনুষ্ঠানস্থলে প্রবেশের ব্যবস্থাপনা, গাড়ি পার্কিং, অনুষ্ঠান পরিবেশনা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অনুষ্ঠান সম্প্রচার এবং উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এসব কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা ও দপ্তরের প্রতিনিধিরা তাদের গৃহীত পদক্ষেপের অগ্রগতি তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, তথ্য সচিব কামরুন নাহার, স্পেশাল সিকিউরিটি ফোসের্র (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মজিবুর রহমান, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মইনুর রহমান চৌধুরী, বিটিভি মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা।
