বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের মেয়ের হিজাব পরা নিয়ে আবারও বিতর্ক উঠল।
এবার তারকা কন্যা খাদিজার হিজাব পরায় সমালোচনা করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
মঙ্গলবার খাদিজার নেকাব পরা একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেন তসলিমা।
ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশি এ লেখিকা বলেন, ‘আমি এ আর রহমানের সংগীত খুবই পছন্দ করি। কিন্তু যখন তার মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। একটি সংস্কৃতিবান পরিবারের মেয়েদের কীভাবে সহজে মগজধোলাই করা যায়, এটি দেখে আমি হতাশ হই।’
এদিকে খাদিজাকে নিয়ে তসলিমার এমন মন্তব্যে পালটা সমালোচনা করেন অনেক নেটিজেন। তার কাছে কেউ এ আর রহমানের মেয়ের পোশাকের মতামত চায়নি বলেও কটাক্ষ করেন অনেকে।
তবে তসলিমার সমর্থনেও মুখ খোলেন অনেকে। মেয়েকে বোরখা পরানোর জন্য এ আর রহমান সমানভাবে দায়ী বলেও তাদের কেউ কেউ মন্তব্য করেন।
গত বছর ফেব্রুয়ারিতে এ আর রহমানের মেয়ের পোষাক নিয়ে বিতর্কের ঝড় উঠে বলিউডে। তবে এ পরিস্থিতিতে খাদিজার পাশেই দাঁড়ায় তার পরিবার। তারা নিজেদের রুচি ও পছন্দকে শ্রদ্ধা করার জন্য সবার প্রতি অনুরোধ জানায় এবং নিজেদের অবস্থানের পক্ষে জোরালো বক্তব্য দেয়। এরপরেও সামাজিক মাধ্যমে নানাভাবে আক্রমণের শিকার হন এ আর রহমান।
খাদিজাও ফেসবুকে বড় এক পোস্টে নিজের পোশাকের পক্ষে জোরালে অবস্থান তুলে ধরেন। খাদিজা লিখেন, ‘পোশাকের কারণে অনেক প্রতিক্রিয়া দেখছি। অনেকেই বলেছেন, এটি আমাকে আমার বাবা-মা জোর করে পরিয়েছেন এবং এটি ডাবল স্ট্যান্ডার্ড। এর কোনটিই সত্যি নয়। আমি নিজের পছন্দ মতো পোশাক অবশ্যই পরতে পারি। একজন প্রাপ্ত বয়স্ক হিসেবে নিজের জন্য কিছু পছন্দ করার অধিকার আমার রয়েছে। এবং প্রত্যেক মানুষেরই তা থাকা উচিত। তাই না বুঝে বিচার করবেন না দয়া করে।’
