রবীন্দ্রনাথের বায়োপিক বানাতে চান বিনোদ চোপড়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ পিএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বড়পর্দায় তুলে ধরতে চান বলিউড পরিচালক বিধু বিনোদ চোপড়া। চিত্রনাট্যের প্রথম ড্রাফট পেলে হাত দেবেন রবি ঠাকুরের জীবনী নিয়ে ছবি নির্মাণে।

জি নিউজ জানায়, কলকাতার সঙ্গে দীর্ঘ সম্পর্ক বিনোদের। প্রখ্যাত বাঙালি পরিচালক ঋত্বিক ঘটকের কাছেই সিনেমা পরিচালনার হাতেখড়ি তার। সম্প্রতি তার ‘শিকারা’ ছবি মুক্তি উপলক্ষে কলকাতা আসেন। সেখানে এক সংবাদ সম্মেলনে রবীন্দ্রনাথ নিয়ে বায়োপিক নির্মাণের প্রসঙ্গটি উঠে।

তবে তিনি নির্দ্বিধায় স্বীকার করলেন তার এখনো সেই দক্ষতা নেই। তবে টলিউড পরিচালকদের কাছে আবেদন রাখলেন ছবির চিত্রনাট্যের প্রথম ধাপ কেউ যদি তৈরি করে দেন, তাহলে তিনি এই ছবি করতে চান। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের নানা দিক তুলে ধরতে চান বড় পর্দায়।

বিনোদ জানান, কবির বিষয়ে আরও জানার ইচ্ছে রয়েছে তার। যেমন পরিণীতা তৈরি করার সময় বিদ্যা বালানকে কলকাতায় রেখে বাঙালির আদব-কায়দা শিখিয়েছিলেন ঠিক তেমনভাবেই এই ছবি করতে চান।

প্রসঙ্গত, ১১ বছর ধরে গবেষণা করে ‘শিকারা’ ছবিটি তৈরি করেছেন পরিচালক। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে। নতুন দুই মুখ আদিল খান-সাদিয়াকে নিয়ে কাজ করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত