বাগদাদে ১০০ বছরে দ্বিতীয় তুষারপাত, মানুষের উচ্ছ্বাস

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০১ পিএম

বাগদাদের সঙ্গে তুষারপাত একেবারেই বেমানান বলা চলে। অথচ মানুষকে অবাক করে দিয়ে অঞ্চলটি ঢেকে গিয়েছে সাদা বরফে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত একশ বছরে এ নিয়ে মাত্র দুইবার তুষারপাতের ঘটনা ঘটেছে বাগদাদে।

এর আগে ২০০৮ সালে একবার বরফ পড়েছিল ইরাকের রাজধানীতে। তবে সেবার সামান্যই বরফ পড়েছিল।

বিক্ষোভের জন্য বিখ্যাত স্থান তাহরির স্কয়ারেও ঢাকা পড়ে বরফে। পামগাছগুলো সাদা হয়ে পড়ে।

জীবদ্দশায় এমন তুষারপাত দেখেননি বাগদাদবাসী। ফলে এ নিয়ে তাদের উচ্ছ্বাসের শেষ ছিল না।

তুষারপাতের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে আসে মানুষ। চলতে থাকে ফটো তোলার হিড়িক, সঙ্গে বরফে গোলা পাকিয়ে খেলাও শুরু হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বরফে ঢাকা বাগদাদের ছবি ভাইরাল হয়ে পড়ে।

সাধারণত গ্রীষ্মপ্রধান শহর বাগদাদে এই ঘটনা বিরল। গরমে এখানে তাপমাত্রা চলে যায় ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসে। তবে ইউরোপ থেকে আসা শৈত্যপ্রবাহে তাপমাত্রা কয়েকদিন ধরে কমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত