ইহুদি বসতি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ জাতিসংঘের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৭ পিএম

ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের ইহুদি বসতির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর একটি তালিকা সংবলিত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। গত বুধবার প্রকাশিত এ প্রতিবেদনকে ‘আন্তর্জাতিক আইনের বিজয়’ আখ্যায়িত করেছে ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলিরা একে বলেছে ‘লজ্জাজনক’।

প্রতিবেদনে যে ১১২ ব্যবসা প্রতিষ্ঠানের নাম এসেছে তার মধ্যে এয়ারবিএনবি, বুকিং ডটকম, এক্সপেডিয়া গ্রুপ ও মটোরোলা সল্যুশনের মতো কোম্পানিও আছে বলে জানিয়েছে বিবিসি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ওই অবৈধ বসতির যোগসাজশ আছে। যৌক্তিক ভিত্তি থেকেই জাতিসংঘ এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক এ সংস্থাটির মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।

২০১৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বসতিগুলোতে নির্দিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর একটি তালিকা বানাতে ওএইচসিএইচআর-কে দায়িত্ব দেয়।

তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ৯৪টিই ইসরায়েলভিত্তিক; বাকিগুলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের।

১৯৬৭ সালে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে সেখানে এখন পর্যন্ত গড়ে ওঠা ১৪০টির মতো বসতিতে প্রায় ৬ লাখ ইহুদি বসবাস করছে বলে জানিয়েছে বিবিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত