শেষ মুহূর্তে রোনালদোর গোলে হার এড়াল জুভেন্টাস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩ পিএম

দ্বিতীয়ার্ধে গোল খেয়ে হারের খুব কাছে চলে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে এসি মিলানের মাঠে দলকে সে লজ্জায় পড়তে দিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার রাতে দল দুটির মধ্যকার শেষ চারের লড়াইটি ১-১ গোলে ড্র হয়। গোলশূন্য প্রথমার্ধের পর ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তে রেবিচের গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় মিলান। যোগ করা সময়ে ম্যাচে সমতা ফেরান রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

ম্যাচের ৭১তম মিনিটে ফরাসি লেফট-ব্যাক থিও হের্নান্দেস দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়া হলে দশজনের দলে পরিণত হয় মিলান। এরপরও গোল পাচ্ছিল না জুভেন্টাস।

রোনালদোর শটে পেনাল্টি ডি-বক্সে থাকা মিলানের ফুল-ব্যাক ডাভিদ কালাব্রিয়ার হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিডিওতে দেখা যায়, কালাব্রিয়া ওই সময় অন্যদিকে তাকিয়ে ছিলেন। ফলে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক ছড়াচ্ছে।

স্পট কিক থেকে গোল করতে ভুল করলেন না রোনালদো। এই গোলে চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে তারকা এই ফরোয়ার্ডের মোট গোল দাঁড়িয়েছে ৩৫ ম্যাচে ৩৫টি।

আগামী ৪ মার্চ তুরিনে সেমি-ফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত