সাভারের একটি মাদক নিরাময় কেন্দ্রে শারীরিক নির্যাতনের শিকার হয়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
খবর পেয়ে শুক্রবার দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা-পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, চিকিৎসার নামে নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বুড়িকান্দি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সে পরিবার নিয়ে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় বসবাস করত।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, বৃহস্পতিবার জাহাঙ্গীরকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তির পর শুক্রবার সকালে মাদক নিরাময় কেন্দ্রে ফোন করে জাহাঙ্গীরের সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাওয়া হয়। তখন নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে জাহাঙ্গীর সম্পূর্ণ সুস্থ আছে জানিয়ে এক মাস পর তার সঙ্গে পরিবারকে দেখা করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তার আধা ঘণ্টা পরই নিরাময় কেন্দ্রের লোকজন জাহাঙ্গীরের পরিবারকে ফোন করে এনাম মেডিকেলে আসতে বলে। তাদের কথামতো হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা জাহাঙ্গীরকে মৃত অবস্থায় দেখতে পায়।
নিহতের বড় ভাই মানিক অভিযোগ করেন, জাহাঙ্গীরকে বৃহস্পতিবার বিকেলে রেডিও কলোনির ‘আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে’ ভর্তি করা হয়। শুক্রবার সকালে নিরাময় কেন্দ্রের মালিক জুয়েল মোবাইলে জাহাঙ্গীরের অসুস্থতার কথা জানিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলেন। সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি দাবি করেন, চিকিৎসার নামে নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।
এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. মেরাজুর রেহান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জুয়েল নামে এক ব্যক্তি মৃত অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসে।
সাভার মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শারীরিক নির্যাতনের কারণে জাহাঙ্গীরের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে লাবিব নামে এক যুবক নিরাময় কেন্দ্রের স্টাফ পরিচয় দিয়ে বলেন, বৃহস্পতিবার মধ্য রাতের দিকে জাহাঙ্গীর নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে আর কোন কথা বলতে তিনি রাজি হননি।
