কৃষকের জমি দখল করে চেয়ারম্যানের বাগানবাড়ি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ এএম

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হাসানের বিরুদ্ধে ফসলি জমি দখল করে বাগানবাড়ি তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের সরকারি টাকায় তৈরি করেছেন বাগানবাড়ির পাকা প্রবেশপথ।

স্থানীয়রা জানান, এর আগে চেয়ারম্যান মাহাবুবুলের নানা অনিয়ম তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুদকসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও ইউনিয়ন পরিষদের চার সদস্য। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। একসময় ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাহাবুবুল বর্তমানে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এলাকায় নিজস্ব গেরিলা বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব কায়েম করেন।

ভুক্তভোগী চৌয়া গ্রামের জাহাদ আলী বলেন, ‘চেয়ারম্যানের বাগানবাড়িতে আমার সাড়ে ১৫ শতাংশ জমি রয়েছে। চেয়ারম্যান আমাকে জমিটি তাকে লিখে দিতে বলেছেন। দেইনি বলে আমার বাড়ির চতুর্দিকে বেড়া দিয়ে রেখেছে।’ মুজিবুর রহমান নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘আমার সাড়ে ২২ শতাংশ জমির মধ্যে ১৪ শতাংশ জমি দখল করে বাগানবাড়িতে পুকুর খনন করেছেন।’ আবুল হোসেন নামে আরেকজন বলেন, ‘চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে মুখ খুললেই রাতে পুলিশ ধরে নিয়ে যাবে।’

এসব অভিযোগের বিষয়ে মাহাবুবুল হাসান বলেন, ‘নিজস্ব এবং ক্রয়কৃত জমিতেই বাগানবাড়ির কাজ করছি। মাত্র দুই বিঘা জমি ভাড়া নিয়েছি। প্রতিপক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত