সেন্ট মার্টিনে ২০০ কুকুর হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৯ পিএম

দেশের অন্যতম পর্যটন স্পট সেন্ট মার্টিনে ২০০ কুকুর হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার বা ‘প’ ফাউন্ডেশন।

শনিবার প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংস্থাটি এ উদ্বেগের কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে যে, সেন্ট মার্টিন দ্বীপের কয়েকজন ব্যক্তি কক্সবাজার পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের নাম ভাঙিয়ে দ্বীপের প্রায় ২ শতাধিক কুকুর প্রকাশ্যে হত্যা করে ফেলে রাখছে। একপর্যায়ে পর্যটকদের বাধার মুখে তারা পালিয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যতম পর্যটন স্পট সেন্ট মার্টিনে দেশি-বিদেশি পর্যটকদের সামনে এই কুকুর নিধন দেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের মধ্য দিয়ে সমাজে সহিংসতা বৃদ্ধি ও শিশু মনে নেতিবাচক প্রভাব তৈরিতে ভূমিকা রাখছে।

বিষয়টি প্রাণীকল্যাণ আইন ২০১৯ এর ৭ নং ধারায় অপরাধ উল্লেখ করে সংস্থাটি জানায়, আইন অনুযায়ী মালিকবিহীন কোনো প্রাণী হত্যা বা অপসারণ করা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত