সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন চান জিএম কাদের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৬ এএম

সংসদ সদস্যদের ক্ষমতায়নে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন চান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ৭০ অনুচ্ছেদের জন্য সংসদ সদস্যরা নিজেদের বিবেক বিচার বুদ্ধিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। গতকাল রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন। এ সময় তিনি সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করেন।

জি এম কাদের বলেন, ‘কেবল মন্ত্রী বাদে সরকারি ও বিরোধী দলের সকল সদস্য একক ও যৌথভাবে দায়িত্ব পালন করলে সংসদের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা যেতে পারে। কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে বাধার সৃষ্টি করছে। ৭০ অনুচ্ছেদের কারণে সরকারি দলের সকল প্রস্তাবই সংসদে গ্রহণ করা হয়। সংসদ সদস্যরা নিজের বিবেক বিচার বুদ্ধি ও এলাকার জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না।’

বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘আমাদের সরকারপ্রধান একই সঙ্গে সরকারপ্রধান ও সংসদপ্রধান হিসেবে যা সুপারিশ করবেন সংসদে তা গ্রহণ হবে। সংবিধান তাকে দেশ পরিচালনার দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের একক কর্র্তৃত্ব দিয়েছে। এক্ষেত্রে সদস্যদের ভূমিকা গৌণ ও পরামর্শমূলক। সংসদ সদস্য নিজে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত