নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীকে হত্যার ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আবদুল মতিন (৫৫) নামে ওই ব্যক্তিকে আড়াইহাজার থানার পুলিশ কালাপাহাড়িয়ার বদলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউপির ঝাউকান্দী এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ১৯৮৮ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাত বেগমকে (১৮) গলাটিপে হত্যা করেন আবদুল মতিন। পরে নিহতের মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালানো হয়। জান্নাত একই ইউপির হাজীরটেক এলাকার ফয়জ উদ্দিনের মেয়ে। ওই সময় এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করা হয়।
১৯৯১ সালে নারায়ণগঞ্জ আদালতে আবদুল মতিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। ওসি আরও বলেন, আবদুল মতিনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
