ঋতুস্রাবের সময় যে নারীরা রান্না করবে তারা কুকুর হয়ে পুনর্জন্ম নেবে বলে মন্তব্য করেছেন হিন্দু ধর্মগুরু স্বামী কৃষ্ণস্বরূপ দাস। ভারতের গুজরাটের ভুজের স্বামী নারায়ণ মন্দিরের সদস্য স্বামী কৃষ্ণস্বরূপ দাসের এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
তিনি বলেছেন, ঋতুস্রাবের সময় নারীরা রান্না করলে তার ফল পাবেন হাতেনাতে। কুকুর হিসেবে পুনর্জন্ম হবে তার! তার করা রান্না কোনও পুরুষ খেলে ষাঁড় হিসেবে পুনর্জন্ম হবে তার।
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয় স্বামী নারায়ণ মন্দিরের তত্ত্বাবধানে গুজরাটে একটি স্কুল চলে। সেই স্কুলের কর্মীদের জন্যই রান্না করে দেন এক মহিলা।
স্বামী কৃষ্ণস্বরূপ দাস রজঃস্বলা নারীদের ঋতুস্রাব নিয়ে ওই মন্তব্য করেই ক্ষান্ত হননি। তিনি ওই নির্দিষ্ট সময়ে নারীদের রান্না করা খাবার খাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য পুরুষদের উদ্দেশে বলেন, বিয়ের আগেই পুরুষদের রান্না শিখে রাখা প্রয়োজন।
নিজের যুক্তির সপক্ষে স্বামীজি বলেন, হিন্দু ধর্ম আত্মা ও পুনর্জন্মে বিশ্বাসী। তাই এই বিষয়ে প্রশ্ন করার অবকাশই থাকে না।
উল্লেখ্য, কয়েক দিন আগেই গুজরাটের কচ্ছের এক কলেজে ছাত্রীদের ঋতুস্রাব হয়েছে কিনা জানতে হেনস্তা করা হয়। ছাত্রীদের শৌচালয়ে নিয়ে গিয়ে অন্তর্বাস খুলে চলে পরীক্ষা। ঘটনার জেরে ২ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় কলেজের অধ্যক্ষাসহ অভিযুক্ত ৪ জনকে।
