কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের সংঘর্ষে নুর নাহার নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই নারী আহত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। এতে ৩৮ বছর বয়সী এক রোহিঙ্গা নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে।
এরপর তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত নারী লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকার নুর আলমের স্ত্রী নূর নাহার (৩৮)। এই ঘটনায় আরও দুই রোহিঙ্গা নারী গুরুতর আহত হয়েছে। তারা হচ্ছে মো. আমিনের মেয়ে ফেরদৌসী (২৫) ও আল মরিজান (৩৩)।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
