ভাষাসৈনিকের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেই

আশ্বাসেই কেটেছে ২২ বছর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫ পিএম

প্রশাসনের আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হচ্ছে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ভাষাসৈনিক এএসএম নূরুল হক ভূঁইয়ার পরিবারকে। তার মৃত্যুর ২২ বছর পার হলেও স্মৃতি রক্ষায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার তলতলা-বারদী সড়কটি এ ভাষাসৈনিকের নামে করা এবং তার কবর ও পৈত্রিক বাড়িটি সংরক্ষণের দাবি জানানো হলেও কোনো পদক্ষেপই নেয়নি স্থানীয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. এএসএম নূরুল হক ভূঁইয়া ১৯২৩ সালের ১ মে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের ২ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার ভাতিজা জামান ভূঁইয়া জানান, নূরুল হক ভূঁইয়ার মৃত্যুর পর থেকে তার স্মৃতি রক্ষায় মৌখিক ও লিখিতভাবে প্রশাসনকে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু প্রশাসন শুধু আশ্বাসই দিয়েছে। আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি। তার নাতি বায়জিদ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমার দাদার অবদানের স্বীকৃতি আজও আমরা পাইনি।’

সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব জানান, নূরুল হক ভূঁইয়া সোনারগাঁয়ের গর্ব। নতুন প্রজন্মের কাছে তার অবদান তুলে ধরতে স্মৃতি রক্ষার বিকল্প নেই। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান জানান, ‘আমি সোনারগাঁয়ে যোগদানের পর উপজেলার বেশ কয়েকটি সড়ক মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকের নামে করার জন্য মাসিক সভায় প্রস্তাব উত্থাপন করেছি। বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করি ভাষাসৈনিক নূরুল হক ভূঁইয়ার নামে দ্রুতই সড়কের নামকরণ সম্ভব হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত