শাজাহান খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫১ এএম

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার রাজধানীর ফুলবাড়িয়া ও গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এই বিক্ষোভ করে বাস-ট্রাকসংশ্লিষ্ট বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আমিন নুরু, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শাহিন, কার্যকরী সভাপতি সেলিম চৌধুরীর নেতৃত্বে এসব মিছিল ও সমাবেশ হয়।

মানহানির অভিযোগ এনে শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেন ইলিয়াস কাঞ্চন। অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ শাজাহান খানের বিরুদ্ধে গতকাল সমন জারি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত