গোয়ালন্দে সড়কে ডাকাতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ এএম

রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অন্তত ১৪ জন ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার সুজানগর উপজেলার রাইশিমুল গ্রামের সোহাগ ওরফে সোহান শেখ (২৫), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া গ্রামের মৃত চানমিয়া শেখের ছেলে জামিল শেখ (২৫), গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ানপাড়া মহল্লার সামছু দেওয়ানের ছেলে মামুন দেওয়ান (২৫), দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জলিল সরদার পাড়া গ্রামের জব্বার মন্ডলের ছেলে শরিফ মন্ডল (২৫)।

থানা-পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার তেনাপচা এলাকায় আঞ্চলিক সড়কে জনৈক সেলিমের মুদি দোকানের সামনে গাছের গুঁড়ি ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে।

খবর পেয়ে পুলিশ ওই স্থানে পৌঁছালে সাধারণ মানুষের যানবাহন ভেবে ডাকাত দল পুলিশের গাড়ির গতি রোধ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক ধারালো হাঁসুয়া, ধারালো চাকুসহ ৪জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আরও ১৪ ডাকাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত