গভীররাতে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৩ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মংচিং মারমা নামে এক ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে তার বাসা থেকে অস্ত্রধারী লোক এসে তাকে তুলে নিয়ে যায়। তিনি রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

অপহৃতের স্ত্রী বলেন, রাত এগারটার দিকে আমরা ঘুমিয়ে যাওয়ার পর তিনজন অস্ত্রধারী লোক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্বামীকে অস্ত্রের মুখে তুলে কারিগর পাড়া রাইখালী পুনর্বাসনের দিকে নিয়ে যায়।

এ সময় বাইরে আরও ২০-২৫ জন ছিল। ঘটনার পর পর চন্দ্রঘোনা থানাকে খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থলে আসে।

রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, গত (মঙ্গলবার) রাতে ফোনে মেম্বারের স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে অবগত করেন।

তিনি আরও জানান, ইউপি সদস্যকে কারা অপহরণ করে নিয়ে গেলো এখনো পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে চন্দ্রঘোনা থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত