ভেট্টরির সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনতে চায় বিসিবি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪২ পিএম

জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের সাবেক এই তারকা বাংলাদেশের স্পিনারদের যাতে আরও বেশি সময় দিতে পারেন সেই জন্যই চুক্তিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বোর্ড।

বর্তমান চুক্তি অনুযায়ী চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে ১০০ দিন সময় দেওয়ার কথা ভেট্টরির। চুক্তি অনুযায়ী প্রতিদিন আড়াই হাজার ডলার পেয়ে থাকেন।

চলমান চুক্তিতে মৌসুমের বাইরে জাতীয় দলের সঙ্গে কাজ করা হয় না ভেট্টরির। সিরিজ শেষে বাড়ি ফিরে যান। বিসিবি তাই এই চুক্তিতে পরিবর্তন আনার পক্ষে, যাতে এই স্পিন বিশেষজ্ঞকে আরও বেশি সময় কাছে পায় বাংলাদেশের স্পিনাররা।

এ ব্যাপারে ক্রিকেট বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “হ্যাঁ, এই চুক্তি পরিবর্তনে কাজ করছি আমরা।”

“তার হাতে যেহেতু সময় আছে তাই চুক্তিতে পরিবর্তনে তার (ভেট্টরির) সমস্যা নেই। ড্রেসিংরুমে তার মতো একজনের উপস্থিতি সব সময়ই ক্রিকেটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের এমনটা একটা ভারসাম্য নিশ্চিত করা দরকার যাতে, আমরা তার কাছ থেকে আমরা সর্বোচ্চটা পাই।”

গত জুলাইয়ে বাংলাদেশ দলের সাবেক স্পিন বোলিং পরামর্শক সুনীল যোশীর স্থলাভিষিক্ত হন ভেট্টরি। তার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের প্রথম সফর ছিল ভারতে। কিন্তু এরপর দল দুই দফায় পাকিস্তান সফরে গেলেও এর একটিতেও ছিলেন না ভেট্টরি।

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ উপলক্ষে ভেট্টরি বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত