লোহাগাড়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম কর্র্তৃক লাঞ্ছনার ঘটনায় শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল বুধবার দুপুরে লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন লোহাগাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

এতে অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা পরিষদসহ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি স্কুলে এসে ২০১৮-১৯ সালের বিভিন্ন সংস্কার, খরচের ভাউচারসহ সরকারি বরাদ্দের হিসাব দিতে বলেন। আমি লিখিতভাবে হিসাব দেখালে সভাপতি দ্বিমত পোষণ করেন এবং হিসাবে গরমিলের অভিযোগ আনেন। একপর্যায়ে সভাপতি ক্ষিপ্ত হয়ে শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করেন।

সভাপতি সিরাজুল ইসলাম শারীরিক লাঞ্ছনার ঘটনা অস্বীকার করে বলেন, খরচের হিসাব চাইলে দিতে না পারায় আমার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন প্রধান শিক্ষক।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। অচিরেই প্রতিবেদন দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত