দেশের বয়স্ক ও প্রবীণ নাগরিকদের সম্পত্তি সুরক্ষায় পদক্ষেপ চেয়ে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব ও নিবন্ধন শাখার মহাপরিদর্শকের কাছে এটি পাঠানো হয়। নোটিসে বলা হয়েছে, সংবিধানের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ধারণ করার অধিকার রয়েছে। কিন্তু বাংলাদেশে প্রবীণ নাগরিকরা নানাবিধ সমস্যার কারণে তাদের সম্পত্তি যথাযথভাবে ভোগ করতে পারছেন না। এ ছাড়া দেখা যায়, বৃদ্ধ বয়সে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বৃদ্ধরা তাদের সম্পত্তি সন্তানদের নামে হেবা, দানপত্র বা অন্যান্য দলিলের মাধ্যমে হস্তান্তর করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শারীরিক ও মানসিক অসহায়ত্বের সুযোগে ও শারীরিক-মানসিক নির্যাতন করে অনেক সময় এক সন্তান বেশি সম্পত্তি লিখে নিয়ে অন্য সন্তানকে ঠকাচ্ছে।
×
