সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৪ পিএম

সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকিফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের একটি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। এ সময় তারা বেতন না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা দেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার তেঁতুলঝোড়া এলাকার  হেমায়েতপুর-সিঙ্গাইর শাখা সড়কে এ বিক্ষোভের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ফেব্রম্নয়ারি মাসের মাঝামাঝি চলে এলেও আমরা এখনো জানুয়ারি মাসের বেতন পাইনি। বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিতে অপারগতা প্রকাশ করে নোটিস টানিয়ে দেয়। শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগদানের পর বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ প্রায় তিন হাজার শ্রমিক হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে রাখে।

কারখানার নারীশ্রমিক হাজেরা বেগম বলেন, আজকে কারখানার মালিক আমাদের বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বেতন পরিশোধ না করায় আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি।

শিল্প পুলিশ-১-এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার বকেয়া এক মাসের বেতনের দাবিতে উপজেলার তেঁতুলঝোড়া এলাকার রাকিফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ কারখানার প্রায় তিন হাজার শ্রমিক কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যায়। এ সময় সড়কটিতে কিছু সময় যানচলাচলে বিঘ্ন ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত