রাবিতে ভাষা শহীদদের ব্যানারে বীরশ্রেষ্ঠদের ছবি!

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৯ পিএম

প্রভাত ফেরি নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ব্যবহার করেছে বীরশ্রেষ্ঠদের ছবি সম্বলিত ব্যানার। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে তারা।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা বিষয়টিকে ভাষা শহীদদের জন্য অসম্মানজনক হিসেবে বিবেচনা করছেন। তবে বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে কাউকে ছোট করা কিংবা অসম্মান জানানোর উদ্দেশে এমনটা করা হয়নি। 

বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বিভাগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি হাতে নেয় বিভাগটি। এ জন্য ব্যানার তৈরি করা হয়।

ব্যানারের মাঝখানে লেখা ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।’ এর একপাশে শহীদ মিনার এবং অন্যপাশে বীরশ্রেষ্ঠদের ছবি।

এদিকে ব্যানারটির ছবি শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামের একটি ফেসবুক পেইজে দেওয়ার পর তা ভাইরাল হয়।

রেজওয়ান হোসাইন নামের আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। সেখানে রেজওয়ান হোসাইন লিখেন, ‘৫২ ও ৭১ কিংবা রফিক, সালাম, বরকতদের সাথে বীরশ্রেষ্ঠদের পার্থক্য, এতটুকু মনে রাখার জন্য কি আসলেই ইতিহাস নিয়ে পিএইচডি করতে হয়? অথচ আপনারাই নিজেদেরকে দেশের প্রথম শ্রেণির নাগরিক ভাবেন এবং নিজেদের নামের সাথে প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের ট্যাগ লাগিয়ে চলেন’।

তিনি আরো লেখেন, ‘এখানেই শেষ নয়, আবার আপনারাই অন্যদের ব্যানারের ভুল দেখে হাসাহাসি করেন, ট্রল করে মজা নেন। বলি কী, আগে নিজেদেরকে তো শোধরান! একের পর এক যা চলছে ক্যাম্পাসে, তাতে অদূর ভবিষ্যতে শুধু ট্রল করা ছাড়া কেউ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করার সাহস পাবে না! খোদা হাফেজ।’

এই পোস্টে একের পর এক বিরূপ মন্তব্য পড়তে থাকে এবং অনেকেই এর সমালোচনা করেন।

এ বিষয়ে রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম বলেন, সঙ্গীত বিভাগের এ ধরনের ভুল অমার্জনীয়।

বিষয়টি স্বীকার করে সঙ্গীত বিভাগের সভাপতি দীনবন্ধু পাল বলেন, আমরা ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ, বীরশ্রেষ্ঠ সবারই ছবি রেখেছিলাম। প্রেসের ভুলে হয়ত তাদের ছবি আসেনি।

এ বিষয়ে রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, এর মাধ্যমে বিভাগটি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। আশা করছি তারা আগামীতে এ ব্যাপারে সচেতনতা অবলম্বন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত