নিজ ভাষা বাঁচাতেই বিদেশি ভাষা জানা দরকার : জিএম কাদের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৮ এএম

নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষা জানা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, ‘মাতৃভাষাপ্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়। চিকিৎসক-প্রকৌশলীদের ইংরেজি ভাষাতেই দক্ষ হতে হয়। ইংরেজি থেকে বাংলা অনুবাদেও ভাষাটির ওপর ভালো দখল রাখতে হয়।’

গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভায় জিএম কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘নিজ ভাষার সম্মান রক্ষায় বাঙালিরা জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সেই গৌরবোজ্জ্বল ত্যাগের স্বীকৃতিস্বরূপ আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বায়ান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়েছিল। এই আন্দোলনই বাঙালি জাতিকে লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা শিখিয়েছে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত