স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালকে পর্যটনবর্ষ ঘোষণার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ‘এতদিন নানা কারণে দেশের পর্যটন শিল্পের বিকাশ হয়নি। ২০২১ সালকে পর্যটনবর্ষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।’
গতকাল শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ম্যাগাজিন ‘ভ্রমণ’ আয়োজিত ‘বাংলাদেশের পর্যটন : সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যে যত বেশি সেবা দেবে, তার দিকেই ঝুঁকবে পর্যটক। সেবার মান নিশ্চিত করতে পারলে আমাদের পর্যটনশিল্প বিকশিত হবে। আগে হয়নি বলে এখন হবে না, এমন নয়। ইচ্ছা, উদ্যম ও পরিশ্রম থাকলে সব কিছু অর্জন করা সম্ভব।’
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এখন দেশের প্রতিটি কোণে পর্যটকরা নিরাপদে বিচরণ করতে পারেন। ট্যুরিস্ট পুলিশ গঠন করায় পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।’
ভ্রমণ সম্পাদক আবু সুফিয়ানের উপস্থাপনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন প্রমুখ।
