ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডীয় মডেলে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী যুক্তরাজ্য। আগামী মাসে ইইউর সঙ্গে নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধিদল এমন আহ্বান জানাবে বলে বরিস জনসনের দপ্তরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
আগামী মঙ্গলবার উভয় পক্ষের মন্ত্রীরা একটি আনুষ্ঠানিক বাণিজ্য ম্যান্ডেটে স্বাক্ষর করবেন। এই ম্যান্ডেটের আওতায় উভয় পক্ষ আলোচনার টেবিলে বসবে।
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্য এর আগেও কয়েকবার ইইউর সঙ্গে কানাডীয় মডেলের চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে।
কানাডীয় মডেলের বাণিজ্যচুক্তির বিষয়টি প্রথম আসে ২০১৭ সালে। এই মডেল অনুসারে উভয় দেশের অধিকাংশ পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কিছু আর্থিক খাতে সামান্য শুল্ক রাখা হয়, যা গোড়া থেকে চেয়ে আসছে যুক্তরাজ্য।
ইইউর প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ার বলেন, যুক্তরাজ্য এমন চুক্তি চাইতে পারে না।
