সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের সানু মুন্সীর বাড়িতে গত রবিবার রাত পৌনে ৮টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকা-ে পুড়ে গেছে দুটি ঘর। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মনজিল হক জানান, রাতে খাবার রান্না করার সময় সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। এরপর সিএনজিচালিত অটোরিকশায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে সংযোগ দিয়ে রান্না করার সময় বিস্ফোরণ ঘটে দুটি ঘরে আগুন ধরে যায়।
আগুনে বাড়িতে থাকা শিশু সুমাইয়া খাতুন, বাড়ির মালিক সানু মুন্সীসহ নিলুফা খাতুন, মেহেদী হাসান, সাইদুল ইসলাম ও নাজিরা খাতুন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
