হত্যা ও ধর্ষণ মামলা

চাঁদপুর কুষ্টিয়ায় দুজনের ফাঁসি ১৭ জনের যাবজ্জীবন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০১ এএম

হত্যা ও ধর্ষণ মামলায় চাঁদপুর এবং কুষ্টিয়ায় দুজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত এ রায় ঘোষণা করে।

চাঁদপুর প্রতিনিধি জানান, শাহরাস্তিতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন। মজিবুর রহমান বেপারিকে মৃত্যুদণ্ড এবং আবুল কাশেম, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান ও কামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা শাহরাস্তি ও কুমিল্লার মনোহরগঞ্জের বাসিন্দা।

জানা যায়, ২০০৭ সালের ২৬ জানুয়ারি শাহরাস্তির খেড়িহর গ্রামের তাজুল ইসলামের বাড়িতে ডাকাত হানা দেয়। আতঙ্কে চিৎকার শুরু করলে ডাকাতদের ছোড়া গুলিতে তাজুলের বাবা বদরুল ইসলাম নিহত হন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, সদর উপজেলায় একটি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন জগো (৪৫) আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ইলাম মণ্ডল, বাদশা মণ্ডল, আমিরুল, আসাদুল, শহিদুল, আলিম, বাবলু, রহমত, মিজানুর রহমান, আলী এবং ইউনুস। দণ্ডিতদের বাড়ি সদর উপজেলায়। জানা যায়, ২০১২ সালের ২৪ অক্টোবর দণ্ডিতরা ফরিদুল নামে এক ব্যক্তিকে অপহরণের পর গলা কেটে হত্যা করেন।

এদিকে গতকাল দৌলতপুরে ২০১৮ সালের ১০ নভেম্বর এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় উপজেলার আল্লারদর্গা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রানা হোসেন এবং সোহেল রানার স্ত্রী বেলী খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত