নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গত রবিবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী, ময়মনসিংহ ও কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হোসেন (২৫), মুন্না (২২), রাকিব (২৫), রনি খান (২৫), মেহেদী হাসান (২৫), সিরাজুল ইসলাম ওরফে সুমন (২৫), মানিক মিয়া (২০), রেজাউল তালুকদার (২৫)।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গত রবিবার নুরুল ইসলাম নামে এক কুয়েতপ্রবাসী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কারে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। গাড়িটি রূপগঞ্জ উপজেলার কালাদী পেট্রলপাম্পের সামনে পৌঁছালে একদল ডাকাত পিকআপ ভ্যান নিয়ে গাড়িটির গতিরোধ করে সবকিছু লুট করে নিয়ে যায়।
